পবিত্র ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার ১৩ জন নিহত হয়েছেন। তারা সবাই মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্র বাটি (ডেবরা) ও চিকলা বলাক্ষেত্র গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোট ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটিতে চালক ও হেলপারের পাশাপাশি কয়েকজন যাত্রী ছিলেন। ঈদ উপলক্ষে তারা বাড়ি ফিরছিলেন। ভোরের দিকে দ্রুতগতিতে চলন্ত ট্রাকটি সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ সময় ট্রাকে থাকা ভারী রড ছিটকে যাত্রীদের ওপর পড়ে। এতে অনেকেই রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে একসঙ্গে ১৩ জনের মৃত্যুর খবর মান্দার বিভিন্ন গ্রামে পৌঁছালে সেখানে শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ঈদের আনন্দে প্রিয়জনের অপেক্ষায় থাকা পরিবারগুলো মুহূর্তেই নেমে আসে গভীর শোকে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, নিহতদের পরিচয় শনাক্ত ও বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশ কাজ করছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।